সরারচর মাদ্রাসার অধ্যক্ষের নামে ফেইক আইডি অপপ্রচারের প্রতিবাদ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শফিউদ্দিনের নামে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মাওলানা মুফতি শফিউদ্দিন বলেন, “ফেইক আইডির মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব এবং প্রশাসনের সহযোগিতা চাই।”
প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন বলেন, “গত শুক্রবারের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।” আরবি প্রভাষক মাওলানা জহিরুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
অফিস সহকারী মো. খায়রুল ইসলাম বলেন, “অধ্যক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র–ছাত্রীরাও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




