অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের খোঁজ নিতে গিয়ে হামলার শিকার সাবেক ইউপি সদস্য
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচান গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীদের দেখতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন আগানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া। তার সঙ্গে থাকা লুন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির কয়েকজন লোকজনের ওপরও এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আক্কাস মিয়ার নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নিজাম মিয়া ও তার ছেলে তামিম মিয়াসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর এলাকায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, কয়েকদিন আগে টুকচানপুর চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন দগ্ধ হয়। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিদগ্ধ শিশুদের খোঁজ নিতে গেলে আক্কাসের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত আক্কাস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, “মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”




