কটিয়াদীতে নসিমন উল্টে কিশোর নিহত, চালক আহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্যালো ইঞ্জিনচালিত টমটম (নসিমন) উল্টে মো. হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক সিয়াম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কটিয়াদী–বেতাল রোডের হ্যালিপ্যাড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসান উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে। আহত চালক সিয়াম বর্তমানে কটিয়াদী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেতাল থেকে দ্রুতগতিতে কটিয়াদীর দিকে আসছিল নসিমনটি। পথে তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসতে দেখে চালক হঠাৎ ব্রেক করলে নসিমনটি উল্টে যায়। এতে পেছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত চালক সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নেন।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত চালক সিয়াম বর্তমানে চিকিৎসাধীন।




