কিশোরগঞ্জে এডাবের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস–২০২৫ উদযাপন
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে নিশ্চিত হোক সকলের মানবাধিকার’—এ স্লোগানকে সামনে রেখে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এডাবের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মো. ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এবং এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মু. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম। এছাড়া বক্তব্য দেন এডাব কার্যনির্বাহী সদস্য ও উইডুর সমন্বয়কারী খায়রুল ইসলাম, এডাব কার্যনির্বাহী সদস্য ও আরডিওর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, আইনজীবী ও বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল এবং ড্রিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজিজুল হক ফাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রিতু আক্তার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা সার্বজনীন মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে সমাজে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলিউশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ড্রিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজিজুল হক ফাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মো. ফাইজুল হক গোলাপ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডাব কার্যনির্বাহী সদস্য ও আরডিওর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার কেবল কাগজে–কলমে সীমাবদ্ধ নয়; দেশের প্রতিটি নাগরিকের জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটানো অত্যন্ত জরুরি। তারা সমাজে নারী–শিশু নির্যাতন, জাতিগত বৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এডাব ও এর সহযোগী সংস্থাগুলোকে তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এডাব কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে জানানো হয় যে, তারা আগামী দিনগুলোতেও মানবাধিকার প্রচার ও প্রতিষ্ঠায় কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাবে।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা হয়।




