ভৈরবে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশাচালক নিহত
কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আলামিন (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলামিন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দির উত্তর কান্দা গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাঁশগাড়ি থেকে ডেকো রেশনের বিভিন্ন মালামাল বোঝাই করে চালকসহ চারজন অটোরিকশায় ভৈরবের দিকে আসছিলেন। পথিমধ্যে জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনে হঠাৎ একটি কুকুর গাড়ির সামনে চলে এলে সেটিকে বাঁচাতে চালক অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারান। পরে বেপরোয়া গতির টমটমটি রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক আলামিন। আহত হন তিন যাত্রী।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিন নামের টমটমচালকের মরদেহ উদ্ধার করেছি। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




