কিশোরগঞ্জে বিএনপি মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা সমাবেশ ও ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনের বিএনপি মনোনয়ন বাতিল এবং পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে নারী নেতৃত্বাধীন এক বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলার বিভিন্ন বয়সের হাজারো নারী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সে সময় পুরো শহর স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান যে ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা নেই। তারা দাবি করেন, বিগত পৌরসভা নির্বাচনে মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বড় ব্যবধানে পরাজয় জনগণের অনাস্থার স্পষ্ট প্রমাণ।
প্রতিবাদে অংশ নেওয়া নারীরা আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় মনোনীত ওই ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ-সম্পাদক থাকা সত্ত্বেও গত ১৭ বছরে তার বিরুদ্ধে কোন মামলা না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বক্তারা সতর্ক করে বলেন, “এই অবৈধ মনোনয়ন দ্রুত বাতিল না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”




