নিকলীতে কিশোরীদের হ্যান্ডবল প্রতিযোগিতা: লিঙ্গ বৈষম্য ভাঙার উদ্যোগ
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীতে কিশোরীদের অংশগ্রহণে আন্তঃস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পপির একটি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অংশ নেয়।
শনিবার নিকলী সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয় শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় দলের মধ্যে। উত্তেজনাপূর্ণ খেলায় কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় দল বিজয় অর্জন করে।
জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য দূর করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। মেয়েদের খেলাধুলা নিয়ে একসময় যে নেতিবাচক ধারণা ছিল, তা আজ ভেঙে পড়ছে। মেয়েরা তাদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করেছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফরিদুল আলম বলেন, এ ধরনের প্রতিযোগিতা কিশোরীদের দলগত কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে। পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সমান সুযোগ সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা পরিচালনা করেন জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ এবং মহরকোণা আশরাফিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ হোসেন আলী। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




