ভৈরবে একাধিক মামলার আসামি শীর্ষ ছিনতাইকারী রাসেল মিয়া গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ ছিনতাইকারী রাসেল মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের গাছতলা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল মিয়া ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থানা ও নরসিংদী জেলার বেলাবো থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রাতে গাছতলাঘাট মাছবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, গত এক বছর ধরে রাসেল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পলাতক থাকায় তাকে আগে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে নয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অস্ত্র, পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, ভৈরব থানায় ১৫টি এবং নরসিংদী জেলার বেলাবো থানায় ৫টি—মোট ২০টি মামলা রয়েছে রাসেল মিয়ার বিরুদ্ধে। এসব মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল। তার স্থায়ী ঠিকানা বেলাবো থানাধীন দেওয়ানেরচর হলেও ভৈরব পৌর শহরের নদী বাংলা সেন্টারের পেছনে আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন সময় ভাড়াবাসায় বসবাস করত। ভৈরব এলাকায় সংঘটিত একাধিক চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




