কটিয়াদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. ইসরাইল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু এবং কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু।
এ ছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে কেবল জনশক্তি পাঠালেই হবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে।
তিনি আরও বলেন, সরকার নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন ব্যক্তিগত আয় বাড়বে, অন্যদিকে দেশের মর্যাদা ও সম্মানও বৃদ্ধি পাবে। কোনো অবস্থাতেই যেন কেউ দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না যান—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।




