সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক হাজার ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক হাজার ইয়াবাসহ নারী আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম আমেনা খাতুন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের বাসিন্দা এবং রুহুল আমিনের স্ত্রী।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জ উপজেলায় মাদকের ব্যাপক বিস্তারের কারণে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ অবস্থায় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশ।

প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শরিফুল আলম। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, সম্ভাব্য ইপিজেড নির্মাণ এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা , বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার আমীর মোঃ রমজান আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম , হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মবিন মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুল্লাহ,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দিলু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ইকরাম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র সহ-সভাপতি শের জাহান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।