সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

ইটনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে দেড় শতাধিক অসহায় পরিবার পেল ৬০ লাখ টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইটনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে দেড় শতাধিক অসহায় পরিবার পেল ৬০ লাখ টাকার সহায়তা

হাওর অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৫০টি দরিদ্র ও অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিটি পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

হাওরবেষ্টিত ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর কমিউনিটি এবং রায়টুটি ইউনিয়নের ধারা কমিউনিটির উপকারভোগীদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। গত ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকাশের মাধ্যমে অর্থ সরাসরি উপকারভোগীদের নিজ নিজ অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়।

এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ জেলা ইউনিটের মাধ্যমে। ড্যানিশ রেড ক্রসের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীবিকায়ন সহায়তা প্রকল্প (সিসিএ-কিশোরগঞ্জ)’। প্রকল্পটির লক্ষ্য হলো হাওর অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করা এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা।

নগদ সহায়তা সম্পূর্ণ নিঃশর্তভাবে প্রদান করা হয়েছে। সহায়তা দেওয়ার আগে উপকারভোগীদের দিয়ে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করানো হয় এবং কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অর্থ সরাসরি উপকারভোগীদের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নগদ সহায়তা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সহসম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য যোবায়ের আহসান জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ জেলা ইউনিটের উপ-সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা মো. আব্দুল মোতালিবসহ জাতীয় সদর দপ্তর ও ড্যানিশ রেড ক্রসের একাধিক কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে যোবায়ের আহসান জাবের বলেন, রেড ক্রিসেন্ট সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই সহায়তা উপকারভোগীদের স্বাবলম্বী হতে সহায়ক হবে এবং তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন—এমন প্রত্যাশা আমাদের।

অনুষ্ঠানে উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মোতালিব বলেন, রেড ক্রিসেন্টের সব ধরনের সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সহায়তার নামে কেউ যদি অর্থ দাবি করে, তাহলে উপকারভোগীদের হটলাইন নম্বর ১৬২২৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সিডিএমসি কমিটির সদস্য, সিডিআরটি দলনেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি অর্গানাইজার ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

হোসেনপুরে বিএনপি নেতার পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
হোসেনপুরে বিএনপি নেতার পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শফিকুল হক শফিকের পিতা ও মাতার আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) হোসেনপুর উপজেলা সদরে অবস্থিত হোসেনপুর মডেল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

পারিবারিক ও দলীয় উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম পিতা ও মরহুমা মাতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে হোসেনপুর উপজেলার উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় এ.কে.এম. শফিকুল হক শফিক তাঁর পিতা-মাতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে পারলেও নদীর মধ্যে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। গত রোববার(১ মার্চ) তিনি এমন কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নরসুন্দা নদীতে কেউ কেউ স্থাপনা নির্মাণ করছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, পৌরসভা কীভাবে এসব স্থাপনার প্ল্যান পাস করল? প্রয়োজনে জমির মালিকদের উপযুক্ত মূল্য পরিশোধ করা হবে; তবে নদীর মধ্যে স্থাপনা করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

কিশোরগঞ্জের নানামুখী উন্নয়নে প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ হয়ে থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস ও নিটোল মোটরসের কাছে বিক্রি করা কালিয়াচাপড়া চিনিকল পরিদর্শন করবেন। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব না হলেও সেখানে বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হোসেনপুরের কাউনা বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।

রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেনের উদ্যোগে ৪০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার বর্শিকুড়া ও আদুমাস্টার বাজার এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অসচ্ছল ও রোজাদার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত তোফাজ্জল হোসেন নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছর তিনি এলাকার রোজাদার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

তোফাজ্জল হোসেনের ভাই নজরুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তোফাজ্জল সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন। রমজান মাসে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, ইফতার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা প্রবাসী তোফাজ্জল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন।