সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

নেতাকর্মীরা সৎ ও নামাজি হলে দেশের এই অবস্থা হতো না: মাসুদ হিলালী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নেতাকর্মীরা সৎ ও নামাজি হলে দেশের এই অবস্থা হতো না: মাসুদ হিলালী

কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির নেতৃত্বাধীন সাবেক চার দলীয় ঐক্যজোটের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী বলেছেন,
“আজ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সৎ ও নামাজি হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না।”

তিনি বলেন, “আমি ৫০ বছর এই দল করেছি। আমার বাড়ি-ঘরের কোনো উন্নতি হয়নি। অথচ আজ যারা বড় বড় কথা বলেন, তারা তখন কোথায় ছিলেন? শুধু সমালোচনা করবেন না।”

শনিবার (১০ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় এই প্রবীণ রাজনীতিবিদের নিজ বাসভবন সংলগ্ন স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ হিলালী আরও বলেন, “আল্লাহ সব দেখেন, সব শোনেন। সামান্য অন্যায়ের জন্যই আল্লাহ কাউকে ছেড়ে দেন না। ৮-১০ দিনের মধ্যে কীভাবে এক সময়ের শক্ত শাসকের পতন হলো, সবাই দেখেছে। সেদিন ছাত্ররা জেগেছিল বলেই পরিবর্তন এসেছে।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাকে কোন কমিটিতে রাখেনি—এমনকি জেলা সম্মেলনও দাওয়াত দেওয়া হয়নি। তখন আমি ভেবেছি, এটা কি এমন কোনো দল—যেটা না করলে আমি মারা যাব? তাই দূরে সরে গিয়েছিলাম। কিন্তু এখনকার কিছু নেতা যেভাবে হুংকার দেন, তাদের সতর্ক করে বলতে চাই—আমাকে দেয়ালে ঠেকাবেন না।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হামিদ। মোনাজাতে তার জীবনের ভুলত্রুটি ক্ষমা, জান্নাতুল ফেরদৌস নসিব, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া, যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন, সহ-সভাপতি সোয়েব সাদেকিন বাপ্পি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহসানুল হক রাফি, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রহমান সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত প্রবীণ রাজনীতিবিদ মাসুদ হিলালী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কিশোরগঞ্জ-০১(কিশোরগঞ্জ-হোসেনপুর) হতে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোয়ারের সময় সরাসরি বিরোধিতা করার অভিযোগে অভিযুক্ত জনাব মাজহারুল ইসলামের দলীয় মনোনয়নের বিরোধিতায় কিশোরগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের আন্দোলনের নেতৃত্বে থাকা এই নেতা দলের স্বিদ্ধান্ত পুনঃবিবেচনার আশায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। মোট চার নেতার স্বতন্ত্র মনোনয়নের মধ্যে একমাত্র সাবেক এই সাংসদের মনোনয়ন এখন পর্যন্ত বৈধতা পেয়েছে, অন্যদের আপীল আবেদন নির্বাচন কমিশনে শুনানির অপেক্ষায় রয়েছে।

হোসেনপুরে বিএনপি নেতার পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
হোসেনপুরে বিএনপি নেতার পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শফিকুল হক শফিকের পিতা ও মাতার আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) হোসেনপুর উপজেলা সদরে অবস্থিত হোসেনপুর মডেল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

পারিবারিক ও দলীয় উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম পিতা ও মরহুমা মাতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে হোসেনপুর উপজেলার উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় এ.কে.এম. শফিকুল হক শফিক তাঁর পিতা-মাতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে পারলেও নদীর মধ্যে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। গত রোববার(১ মার্চ) তিনি এমন কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নরসুন্দা নদীতে কেউ কেউ স্থাপনা নির্মাণ করছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, পৌরসভা কীভাবে এসব স্থাপনার প্ল্যান পাস করল? প্রয়োজনে জমির মালিকদের উপযুক্ত মূল্য পরিশোধ করা হবে; তবে নদীর মধ্যে স্থাপনা করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

কিশোরগঞ্জের নানামুখী উন্নয়নে প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ হয়ে থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস ও নিটোল মোটরসের কাছে বিক্রি করা কালিয়াচাপড়া চিনিকল পরিদর্শন করবেন। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব না হলেও সেখানে বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হোসেনপুরের কাউনা বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।

রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেনের উদ্যোগে ৪০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার বর্শিকুড়া ও আদুমাস্টার বাজার এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অসচ্ছল ও রোজাদার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত তোফাজ্জল হোসেন নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছর তিনি এলাকার রোজাদার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

তোফাজ্জল হোসেনের ভাই নজরুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তোফাজ্জল সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন। রমজান মাসে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, ইফতার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা প্রবাসী তোফাজ্জল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন।