জুলাই যোদ্ধা নুসরাত জাহানের পিতা মো. শরীফ উদ্দিনের ইন্তেকাল
জুলাই যোদ্ধা ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের পিতা মো. শরীফ উদ্দিন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগের দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. শরীফ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ, ভদ্র ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি পিটুয়া গ্রামের পাচুশাহ দরগা ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
নামাজে জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন, সংগঠক আশরাফ আলী সোহান, শেখ মুদ্দাছির তুসি, খালেদুর রহমান ফুরাদসহ জেলা ও উপজেলার বিএনপি, জামায়াতের নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মো. শরীফ উদ্দিনের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




