প্রতারণা ও অর্থ আত্মসাৎ অভিযোগে করিমগঞ্জের মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহ (৫০) কে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার নয়াপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. আমিনুল্লাহ কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও নয়াপাড়া মৃত আব্দুল জলিলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়ক উন্নয়নের জন্য মাদ্রাসা ও বাদীসহ অন্যান্যদের ১৪.১০ শতাংশ ভূমি অধিগ্রহণ করা হয়। আইন অনুযায়ী একই দাগের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করা হয়। সমস্ত পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী টাকা উত্তোলন করে হিস্যা অনুযায়ী বন্টন করার কথা থাকলেও বাদীর ১৫,৩৪,৯৬৬/- টাকা প্রদান থেকে অধ্যক্ষ তালবাহানা করে অবশেষে অস্বীকার করেন।
উপরোক্ত অভিযোগে গত বছর ৩১ জুলাই, কিরাটন হাসমহল গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মিয়া হোসেন কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬/৪২০ ধারা অনুযায়ী মামলা দায়ের করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরান কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।




