কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্ত দুই প্রার্থী হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
নোটিশে উল্লেখ করা হয়, অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া গত ১৩ জানুয়ারি ৫০০ ফুট রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মাওলানা আজিজুর রহমান শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগান। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় দুই প্রার্থীর উপস্থিতিতে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। পরে অনুসন্ধান কমিটি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।




