কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করলেন আদিলুর রহমান খান
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইয়াসিন খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
জনসাধারণের পক্ষ থেকে বক্তব্য দেন কাশিমনগর এফ. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম এবং লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হোসাইনী।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক (স্থানীয় সরকার) জেবুন নাহার শামী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জনসচেতনতা ও ভোটের পরিবেশ তৈরিতে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে বলেও জানা গেছে।




