কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় প্রার্থীর নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী। সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিশের সভাপতি।
মতবিনিময় সভায় প্রার্থী তার রাজনৈতিক দর্শন, নির্বাচনী পরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, আমি একটি ইসলামী দলের প্রার্থী। এ দেশে প্রায় ৯০ শতাংশ মুসলমান বসবাস করে। একজন মুসলমান হিসেবে আমার চিন্তা-চেতনার মূল ভিত্তি হলো আল-কুরআন। কুরআনে সমাজ ও রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে কুরআনের মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।
এ সময় তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ খেলাফত মজলিশ দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।




