অষ্টগ্রামে চেয়ার দখল নিয়ে বিএনপি–যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ৩০
বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা চলছিল। তবে অসুস্থতার কারণে তিনি জনসভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়।
এ সময় চেয়ার দখল নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, ‘মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর সাদেক মিয়া ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, ‘যুবদল নেতা কিসমত ও তাঁর লোকজনই প্রথম হামলা করেছে। এতে আমিসহ ৮–১০ জন আহত হয়েছি।’
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




