পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে মা-ছেলেসহ চারজন আহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাগলা শিয়ালের কামড়ে মা-ছেলেসহ চারজন আহত হয়েছেন। একই ঘটনায় একটি গরু ও একটি ছাগলও কামড়ের শিকার হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার তারাকান্দি দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—তারাকান্দি দক্ষিণ পাড়ার আজিজুল সরকারের বাড়ির বাসিন্দা মো. কবির মিয়ার দুই বছরের ছেলে বায়েজিদ হাসান শায়ান ও তার স্ত্রী সুমাইয়া আক্তার। এছাড়া সাইফুল হক মাস্টারের বাড়ির বাবুল মিয়ার মেয়ে বেবী আক্তার নীলা এবং তার ফুফু, মৃত শহীদুল্লাহর মেয়ে পারভীন আক্তারও আহত হয়েছেন।
ঘটনার পর আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের সামনে খেলছিল শিশুটি। হঠাৎ একটি পাগলা শিয়াল শিশুটিকে কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটিকে বাঁচাতে এগিয়ে এলে তার মাকেও কামড়ায় শিয়ালটি। পরে শিয়ালটি পাশের বাড়িতে ঢুকে কলেজপড়ুয়া বেবী আক্তার নীলা ও তার ফুফু পারভীন আক্তারকে আক্রমণ করে আহত করে। একই সময়ে বাড়ির আঙিনায় বাঁধা থাকা একটি গরু ও একটি ছাগলও শিয়ালের কামড়ে আক্রান্ত হয়।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।




