ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়। এতে স্টেশন এলাকার আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও এখনো পুরোপুরি উদ্ধার কাজ শুরু হয়নি।
ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, দুর্ঘটনার পরপরই লাইন থেকে বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়। উদ্ধার কাজ শেষে লাইন সচল করা হবে।




