হোসেনপুরে আইনের রায় কাগজেই, জমির দখল এখনো অধরা
Exif_JPEG_420
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী মৌজায় বিভিন্ন দাগে মোট ২২৮ শতাংশ জমির ওপর আদালতের রায়ে ডিগ্রি প্রাপ্ত হলেও এখনো সেই জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা খাতুন নামে এক অসহায় নারী। স্থানীয় ভূমিদস্যুদের বাধার কারণে দীর্ঘদিন ধরে তিনি নিজ ভূমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মোমেনা খাতুন জানান, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করলেও একটি প্রভাবশালী মহল বেআইনিভাবে জমিটি দখলে রেখে ভয়ভীতি প্রদর্শন ও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মোমেনা খাতুন বলেন, “আমি আইন অনুযায়ী আদালতের ডিগ্রি পেয়েছি। কিন্তু এরপরও নিজের জমি ভোগ করতে পারছি না। দ্রুত প্রশাসনের সহায়তা চাই।”
এলাকাবাসীর অভিযোগ, চরপুমদী মৌজায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।




