তাড়াইলে উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (আহ্বায়ক) সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক ও সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাসও সভায় অংশ নেন।
সভায় যানজট নিরসন, সিলিন্ডার গ্যাসের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মাদকের বিস্তার রোধে নজরদারি জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।




