সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসায় সিক্ত কিশোরগঞ্জ-১ এর সংসদ সদস্য
কিশোরগঞ্জে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাজাহরুল ইসলাম–কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) শহরের শ্রী শ্রী কালী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম সরকার বাধন। শহরের বিভিন্ন মন্দির ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ।
আয়োজক সূত্রে জানা যায়, এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা ও স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী উপস্থিত ছিলেন।
বক্তারা এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত সংসদ সদস্য যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে শ্রী শ্রী কালী বাড়ি কার্যনির্বাহী পরিষদ।




