হোসেনপুরে প্রতিবন্ধীর দোকানসহ বাড়িঘরে হামলা-লুটপাট, বিচার দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা–এ এক প্রতিবন্ধীর দোকানসহ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে হেকিম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান কিরনের নেতৃত্বে শতাধিক ভাড়াটে লোক হামলা ও লুটপাট চালায়। হামলায় রেখা আক্তার (৩৮) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
অভিযোগ রয়েছে, হামলার সময় প্রতিবন্ধী লিটন মিয়ার দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা লুট করা হয় এবং অটোরিকশাচালক আল-আমিনের ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া সাংবাদিক খায়রুল ফকির, বাচ্চু মিয়া, খোকন মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াস ও রফিকুল ইসলামেরসহ ৮ থেকে ১০টি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হোসেনপুর থানা–র পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, হামলার বিষয়ে রাতেই খবর পেয়ে উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




