সরকারি জমি ফেলে অসহায় বৃদ্ধার বসতভিটায় সড়ক কাজের দাবি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা–এ সরকারি জায়গা ফেলে রেখে এক অসহায় বৃদ্ধার পৈতৃক বসতভিটার ওপর দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পুমদি ইউনিয়নের দক্ষিণ পুমদি শরুল্লা পর্দ্দানী বাড়ি মোড় থেকে শহর আলী চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, গ্রামের বাসিন্দা মো. শওকত হোসেন ও মজিবুর রহমান গংদের প্রভাবের কারণে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রাস্তার নির্ধারিত সরকারি জায়গা ব্যবহার না করে একই গ্রামের অসহায় বৃদ্ধা মো. ছিদ্দিক মিয়ার পৈতৃক ভিটার সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী মো. ছিদ্দিক মিয়া অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা ফেলে রেখে আমার পৈতৃক ছয় শতাংশ জমির বসতবাড়ির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। আমি সরকারি আমিন দিয়ে মেপে সঠিক জায়গা দিয়ে রাস্তা নেওয়ার দাবি জানিয়েছি। কারণ, এই জায়গাটুকুই আমার শেষ সম্বল। সরকার নকশা অনুযায়ী যতটুকু নেওয়ার কথা, তা মেপে নেওয়া হোক। এর বাইরে জোরপূর্বক আমার বসতভিটার জায়গা নিয়ে নিলে আমি কোথায় বসবাস করব?”
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবগত করলেও এখনো কোনো প্রতিকার পাননি।
এ বিষয়ে ঠিকাদার কাঞ্চন মিয়া বলেন, “রাস্তার কাজ নকশা ও নির্দেশনা অনুযায়ী করা হচ্ছে। যদি কোনো পক্ষের আপত্তি থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে সিদ্ধান্ত নেবে।”
হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়–এর সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




