শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ১৪৩২
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ১৪৩২

দেড় বছর আগে গুঁড়িয়ে দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেড় বছর আগে গুঁড়িয়ে দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান

কিশোরগঞ্জে দেড় বছর আগে গুঁড়িয়ে দেওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার একটি পতাকা উত্তোলন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম (রতন) নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা–কর্মী জড়ো হয়েছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়। ব্যানারে লেখা, “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।” ব্যানারের নিচের অংশে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদের নামও উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে উপস্থিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে” এবং “কিশোরগঞ্জের মাটি, তুহিন ভাইয়ের ঘাঁটি”—এই ধরনের স্লোগান দিতে দেখা যায়। এছাড়া কয়েকজনকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে।

২০১৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় ও ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ছয় মাস পর, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত ওই পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ভবনের একটি দেয়ালে ‘পাবলিক টয়লেট’ লেখা হয়।

পাকুন্দিয়ায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা–এ ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত নাছির উদ্দীন (১৭) উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়–এর ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়া–মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানা–র পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার হোসেন্দী এলাকায় মানিক কবিরাজের বাড়ি থেকে শরীরের ব্যথার ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়ি ফিরছিলেন নাছির উদ্দীন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয় যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাছির উদ্দীন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে।

কটিয়াদীতে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

মাইনুল হক মেনু প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
কটিয়াদীতে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬৩ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক শামীমা আফরোজ মারলিজ।

বুধবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা–র অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম রুবেল পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কটিয়াদীতে স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাইনুল হক মেনু প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
কটিয়াদীতে স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা–এ স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জহিরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মজিবুর রহমান, সাবেক স্বাস্থ্য সহকারী আবদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার সেন, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, প্রধান হিসাব সহকারী শফিকুল ইসলাম, এমটি (ইপিআই) রিয়াজ মাহমুদসহ সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি সদস্যরা।

বক্তারা রূপক রায়ের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। দীর্ঘদিন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয় এবং সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

পরে বিদায়ী সহকারী স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম।