শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২
শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজিজুল ইসলাম প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে কুলিয়ারচর থানাধীন মুজরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি দল রাত প্রায় ১০টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকার একটি কালভার্টের ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে কৌশলে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটক আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ইয়াবার সংখ্যা ৫২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নিকলীতে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন, পরে যুবকের আত্মহত্যা

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
নিকলীতে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন, পরে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন দেওয়ার পর আত্মহত্যা করেছেন রানা (১৮) নামের এক যুবক।

নিহত রানা উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া নয়াহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রানা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করতেন। নেশার টাকা জোগাড় করতে তিনি অটোরিকশা চালাতেন। প্রায় সময়ই নেশার টাকার জন্য বড় ভাই হোসেন ও মা রাবেয়া বেগমের ওপর চাপ সৃষ্টি করতেন। টাকা না পেলে বাড়িতে ভাঙচুরও করতেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মায়ের কাছে নেশার টাকা না পেয়ে সন্ধ্যার দিকে রানা বসতঘরে আগুন দেন। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে মা রাবেয়া বেগম এ বিষয়ে নিকলী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাটি তদন্ত করতে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই শুক্রবার ইফতারের আগে কোনো একসময় বাড়ির একটি নির্জন ঘরে আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন রানা।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

হোসেনপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শওকত আজিজ

এস কে শাহীন নবাব প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
হোসেনপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শওকত আজিজ

আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তার আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের আহ্বায়ক মো. শওকত আজিজ। তৃণমূল মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি বর্তমানে হোসেনপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

বিগত কয়েক বছরে উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ এই নেতা কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, একজন সমাজসেবক হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এলাকার সাধারণ ভোটার ও বিশিষ্টজনদের মতে, শওকত আজিজ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন।

এছাড়া ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ উল্লেখযোগ্য। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবহেলিত এই জনপদকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তর করতে শওকত আজিজের মতো একজন শিক্ষিত ও সাহসী নেতার প্রয়োজন। জাসাসের কেন্দ্রীয় রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি তিনি শিকড়ের টানে সবসময়ই হোসেনপুরবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছেন।

এ বিষয়ে শওকত আজিজ বলেন, “আমি পদ-পদবীর চেয়ে মানুষের সেবাকেই বড় করে দেখি। হোসেনপুর আমার প্রাণের জায়গা। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যেই আমি কাজ করে যেতে চাই।”

এদিকে নির্বাচন ঘিরে এলাকায় আলোচনা বাড়তে থাকায় হোসেনপুরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন তার সম্ভাব্য প্রার্থিতা নিয়েই বেশি আলোচনা চলছে।

বাজিতপুরে টিসিবির নিম্নমানের চাল সরবরাহ: ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
বাজিতপুরে টিসিবির নিম্নমানের চাল সরবরাহ: ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়ন পরিষদে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে গাজীরচর ইউনিয়ন পরিষদে টিসিবির চাল বিতরণ কার্যক্রম চলাকালে ভোক্তাদের জন্য আনা চালের মান খারাপ ও নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে প্রশাসনের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট ডিলার রবিন আল মাসুদ (পিতা: মৃত গোলাম রব্বানী)–কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিলার রবিন আল মাসুদ জানান, তার কাছে আগে থেকেই চার বস্তা নিম্নমানের চাল ছিল এবং সেটি ভোক্তাদের মধ্যে সরবরাহের বিষয়টি তিনি স্বীকার করেন।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, কোথাও সরকারি চাল নিম্নমানের অবস্থায় বিতরণ করা হলে বা এ ধরনের অনিয়ম দেখা দিলে জনগণকে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

নিম্নমানের চাল বিতরণের অপরাধে ডিলার রবিন আল মাসুদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা নিম্নমানের খাদ্যপণ্য সরবরাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।