কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতি বছরের মতো এবারও দিবসটি নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি জানাতে উদযাপন করা হচ্ছে। ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গিভ টু গেইন’ (Give To Gain)। এ প্রতিপাদ্যের মাধ্যমে উদারতা, পারস্পরিক সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নে সম্মিলিত সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশে দিবসটির সরকারি প্রতিপাদ্য হলো—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
র্যালিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মাস্তান, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) ফারুক আহম্মেদ এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সারোয়ার জাহান চৌধুরী।
এ সময় কিশোরগঞ্জ পৌরসভায় কর্মরত নারী ও পুরুষ কর্মকর্তা-কর্মচারীরাও র্যালিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস প্রথম উদযাপনের সূচনা হয় ১৯০৯ সালে নিউইয়র্কের পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে। পরে ১৯১৭ সালে রাশিয়ায় নারী শ্রমিকদের ভোটাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় বিষয়টি আরও গুরুত্ব পায় এবং ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয়।
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। ২০২৬ সালে দিবসটি ১০৫তম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।




