সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ ১৪৩২

কুলিয়ারচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের

আজিজুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কুলিয়ারচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের কাঁঠালতলা-ভৈরব-কিশোরগঞ্জ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা সবাই কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দি গ্রামের বাসিন্দা। তারা হলেন- মো. আরমান মিয়ার ছেলে মো. বিজয় (২৮), মো. রিপনের ছেলে আমির হোসেন (২৭) এবং মো. মুজিবুর রহমানের ছেলে মো. জুম্মান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিজয় ও আমির হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় জুম্মানকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করে। পরে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিয়েছে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, একই মোটরসাইকেলে তিনজন ছিলেন। ছয়সূতি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় একটি পিকআপ তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ভৈরবে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
ভৈরবে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে বিক্রয়কালে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া মুন আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকার সাদেক মিয়ার ছেলে সারোয়ার হোসেন রানা এবং মৃত মানিক মিয়ার ছেলে খালেক মিয়া (৩০)।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় মুন আইডিয়াল স্কুলের বিপরীত পাশে ‘খালেক স্টোর’ নামে একটি পরিত্যক্ত দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে খবর পাওয়া যায়, উক্ত স্থানে কিছু মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেবের নেতৃত্বে এসআই এমদাদুল কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় দোকানের ভেতর থেকে সারোয়ার হোসেন রানা ও খালেক মিয়াকে আটক করা হয়। পরে দোকান তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শান্তি ও সম্প্রীতির বার্তায় হোসেনপুরে ঈদের প্রধান জামাত

এস কে শাহীন নবাব প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
শান্তি ও সম্প্রীতির বার্তায় হোসেনপুরে ঈদের প্রধান জামাত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত এই জামাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো মুসল্লি অংশ নেন।

জামাতে অংশ নেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, শিল্পপতি ও জননেতা জহিরুল ইসলাম মবিন। তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপস্থিত সবার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এবারের ঈদের নামাজে ইমামতি করেন কিশোরগঞ্জর ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি ওমর সাহেব। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, আহ্বায়ক কামরুজ্জামান খান, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি এ কে এম রফিকুল ইসলাম সফিক, বিএনপি নেতা সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজীব আহমেদ পিয়াস প্রমুখ।

উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের সুবিধার্থে মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ধস: নদীতে পড়ে ৩ শিশু নিহত, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ধস: নদীতে পড়ে ৩ শিশু নিহত, নিখোঁজ ২

সংগ্রহীত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে নির্মিত একটি ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ঈদের আনন্দমুখর মুহূর্তেই দেওয়ানগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে ঈদের দিন দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ওই স্থানে মানুষের ব্যাপক সমাগম ঘটে। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও অতিরিক্ত চাপের কারণে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান।

তাদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয় এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।