ভৈরবের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষ, আহত ২৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২০ জনকে স্বজনরা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে ধানের খড়ের পাড়ায় বসে গাঁজা সেবনকে কেন্দ্র করে আজলদী বাড়ির এক ব্যক্তির সঙ্গে গোলাপ মেম্বারের বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয় এবং এক দফা সংঘর্ষও ঘটে।
পরদিন রবিবার (২২ মার্চ) সকালে বিষয়টি মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসেন। তবে সালিশ চলাকালীন উভয় পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার (তদন্ত) ওসি আবু তালেব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




