ভৈরবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু, একজনের পরিচয় অজ্ঞাত
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের শার্ট ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে জানানো হয়েছে।
অন্যদিকে, এর আগের রাতেই স্টেশনের পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়। পরে পিবিআই তার পরিচয় শনাক্ত করলে স্বজনদের খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা ছিলেন।




