ভোটের অনিয়ম নিয়ে ইইউতে অভিযোগ করবেন রুমিন ফারহানা
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, ভোটের অনিয়ম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে অভিযোগ জানাবেন।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন,
“আমি লিখিত জবাব দিয়েছি। আজ ইসিতেও একটি জবাব জমা দিয়েছি। আমার তো প্রচারণার মাঠে থাকার কথা ছিল, কিন্তু বাধ্য হয়েই আজ ঢাকায় এসেছি। কারণ আমার মনে হয়েছে, প্রশাসন ও পুলিশ যতটা নিরপেক্ষ থাকার কথা, বাস্তবে ততটা নিরপেক্ষ নেই।”
তিনি অভিযোগ করেন, তাঁর কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে, মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে এবং বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
রুমিন ফারহানা বলেন,
“আমি নির্বাচন কমিশনকে জানাতে এসেছি যে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় দলগুলোর বিরুদ্ধে লড়ছি। প্রশাসন যদি একেবারেই নিরপেক্ষ না থাকে, তাহলে ৫ আগস্টের মতো কিংবা ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন হলে তার পরিণতি দেশের জন্য ভালো হবে না—কারো জন্যই ভালো হবে না। এই বিষয়গুলোই কমিশনকে জানিয়েছি।”
তিনি আরও জানান, আজ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে এবং সেখানেও তিনি এসব বিষয় তুলে ধরবেন।
তিনি বলেন,
“আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা যেন কোনো রাজনৈতিক দল করার স্পর্ধা না দেখায়। সব দলকেই আহ্বান জানাচ্ছি—একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। মানুষ ১৫ বছর ধরে এই অধিকারের জন্য লড়াই করেছে। আরেকটি কারচুপির, ম্যানিপুলেটেড নির্বাচন আমরা হতে দেব না, ইনশাল্লাহ।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।










