কিশোরগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিশের প্রার্থী খায়রুল ইসলাম বহিষ্কার
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১১ দলীয় জোটের সমঝোতায় এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা শেখকে সমর্থন দেওয়া হলেও দলীয় ও জোটের সিদ্ধান্ত অমান্য করে খায়রুল ইসলাম ঠাকুর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
এ কারণে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাসান জুনাইদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোদায়েতুল্লাহ হাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়ার পর খায়রুল ইসলাম ঠাকুরকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে নির্দেশ অমান্য করায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর দাবি করেছেন, তিনি এখনো বহিষ্কারের কোনো লিখিত নোটিশ পাননি। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যা তাঁর ক্ষেত্রে মানা হয়নি।
নির্বাচনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচনে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”










