নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে আটতলা ভবনটির দ্বিতীয় তলার স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। সেখানে সুতা, তুলা, কার্পাসসহ দাহ্য উপকরণ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
এ ঘটনায় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







