নিয়মিত জামায়াতে নামাজ পড়ায় বাইসাইকেল পেল ২৬ শিক্ষার্থী
কিশোরগঞ্জের মিঠামইনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ২৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্ট এলাকায় মহিষারকান্দি যুবসমাজের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন আজহারী। প্রধান অতিথি ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন উপজেলার সভাপতি মো. নুরুল আমীন, ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নামাজ ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ একটি প্রশংসনীয় উদাহরণ। নিয়মিত সালাত আদায় শুধু আত্মিক শান্তি দেয় না, বরং চরিত্রবান ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী বলেন, “এই বাইসাইকেল কোনো পুরস্কার নয়, বরং নিয়মিত সালাত আদায়ের প্রেরণা। আমরা চাই তরুণ সমাজ নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠুক। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
বাইসাইকেলপ্রাপ্ত শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “নিয়মিত জামায়াতে নামাজ পড়ায় এই উপহার পেয়ে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। এখন মসজিদে যাওয়া আরও সহজ হবে।”
আরেক শিক্ষার্থী আশরাফুল কবির জানায়, “আমাদের নামাজের অভ্যাসকে সম্মান জানানো হয়েছে—এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।







