দিল্লিতে বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী চিত্র।
ভারতের উত্তর প্রদেশের দিল্লি অঞ্চলের গ্রেটার নয়ডার বেটা–২ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম শাহরিয়ার।
পুলিশ জানায়, বাড়ির মালিক এক দিনের বেশি সময় শাহরিয়ারকে না দেখে খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতর সিলিং ফ্যান থেকে ঝুলে থাকা তাঁর লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন গ্রেটার নয়ডা–১ সার্কেল অফিসার হেমন্ত উপাধ্যায়।
বাড়ির মালিক তদন্তকারীদের বলেন, শাহরিয়ার ওই বাসায় উঠেছিলেন রুপা নামের এক নারীর সঙ্গে, যিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। তাঁরা নিজেদের বিবাহিত দম্পতি পরিচয় দিয়ে ৮ হাজার রুপিতে কক্ষটি ভাড়া নেন। তাঁরা ১৭ নভেম্বর সেখানে ওঠেন।
পুলিশ জানায়, রুপাকে সর্বশেষ ২১ নভেম্বর বাসা থেকে বের হতে দেখা গেছে। এরপর থেকেই শাহরিয়ারের ফোন বন্ধ ছিল। রবিবার জানালা দিয়ে উঁকি দিতেই তাঁর ঝুলন্ত লাশ দেখা যায় বলে জানান বাড়ির মালিক।
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।







