সোনাইমুড়ীতে প্রতিবেশীর বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হুদা (৫১) নামে এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিবপুর গ্রামের রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে একই এলাকার বাসিন্দা নুরুল হুদা নিজের জন্য ২ কেজি ধান বপনের উদ্দেশ্যে বীজতলা করতে যান। এ সময় তিনি ওই বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ফাঁদ পাতা রিয়াজ পলাতক রয়েছেন।
নিহতের শ্যালক পারভেজ আলম জানান, কিছুদিন আগে নুরুল হুদা কাতার থেকে দেশে ফিরেছেন। আগামী ১২ ডিসেম্বর তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিচ্ছেন না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার চাইলে আলাদা মামলাও করতে পারবে।







