দিনাজপুর কারাগারে অসুস্থ হয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়ন করেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।







