মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

রাজশাহীতে তারেক রহমানের প্রথম সফর আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
রাজশাহীতে তারেক রহমানের প্রথম সফর আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন। পাশাপাশি রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপও পরিদর্শন করবেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক মাদরাসা ময়দান পরিদর্শন করেছেন।

বীমা খাতে অর্থ পাচার ঠেকাতে বিএফআইইউর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
বীমা খাতে অর্থ পাচার ঠেকাতে বিএফআইইউর নতুন নির্দেশনা

বেনামে বীমা পলিসি খোলা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে কোনো গ্রাহক এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন করলে সেই তথ্য প্রতিবেদন আকারে বিএফআইইউতে জমা দিতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) দেশের সব বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং বীমা খাতে আর্থিক অপরাধের ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার নিষিদ্ধ ঘোষিত কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী, গোষ্ঠী বা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বীমাব্যবস্থার সুযোগ নিতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জটিল, অস্বাভাবিক ও যৌক্তিক আর্থিক উদ্দেশ্যবিহীন বীমা পলিসির ওপর নজরদারি বাড়াতে হবে।

গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ছবি ও ঠিকানা নির্ভরযোগ্য স্বাধীন উৎস থেকে যাচাই করতে হবে। কোনো গ্রাহকের পক্ষে অন্য কেউ বীমা পলিসি পরিচালনা করলে তাঁর যথাযথ ক্ষমতা রয়েছে কি না, তা-ও নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র অন্তত পাঁচ বছর সংরক্ষণ করতে হবে।

প্রতিষ্ঠানের নামে বীমা পলিসি খোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যক্তি অথবা ২০ শতাংশ বা তার বেশি শেয়ারের মালিককে মূল সুবিধাভোগী হিসেবে শনাক্ত করে তাঁর তথ্য সংরক্ষণ করতে হবে।

বিদেশি বাণিজ্য-সংক্রান্ত বীমার ক্ষেত্রে ঋণপত্র (এলসি), আমদানি-রপ্তানি চুক্তি ও জাহাজীকরণের নথি ব্যাংকের রেকর্ডের সঙ্গে যাচাই করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিএফআইইউতে প্রতিবেদন পাঠাতে হবে। পাশাপাশি প্রতিটি বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে কেন্দ্রীয় পরিপালন ইউনিট গঠন করতে হবে।

পূজার যাত্রায় বিশেষ ট্রেন ও ২০০ বাসের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
পূজার যাত্রায় বিশেষ ট্রেন ও ২০০ বাসের ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার থেকে এসব বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ বাসসেবা চালু করেছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এ বিশেষ বাসসেবা চলবে।

বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করা হয়েছে। এ সেবার আওতায় সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

এ সেবার জন্য ২০০টি বাস নির্ধারণ করেছে বিআরটিসি। এসব বাসের মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা—সব ধরনের বাস রয়েছে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিসির কর্মকর্তারা জানান, বিশেষ সেবার বেশির ভাগ বাস রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। এসব বাসের গন্তব্যের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম। এ ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের জন্যও কিছু বিশেষ বাস চলবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সম্পর্কে তথ্য জানতে বা প্রয়োজনীয় সহায়তার জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর: ০২৪১০৫৩০৪২, ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।