মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ব্যাংক-এমএফএসের লেনদেনে আসছে অভিন্ন ডিজিটাল ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ব্যাংক-এমএফএসের লেনদেনে আসছে অভিন্ন ডিজিটাল ব্যবস্থা

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অর্থ পাঠাতে ও লেনদেন করতে পারবেন। ফলে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থ স্থানান্তরে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।

এ উদ্যোগের ফলে আর্থিক সেবার আওতা বাড়বে, নগদ টাকার ব্যবহার কমবে এবং লেনদেন আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবেন।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হবে।

দেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন এ ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।

তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে একই ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন। নতুন আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও নতুন এ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে।

এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে তাঁরা আলোচনা করেন।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে। তবে এ ধরনের আন্তসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

নতুন এ ব্যবস্থার সুফল ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও পড়বে। সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে।

অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, একটি অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও সহজ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর।

কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।

আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা দেশের ডিজিটাল আর্থিক খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন। নেতানিয়াহুর উদ্যোগে হওয়া এই ফোনালাপকে গঠনমূলক বলে বর্ণনা করেছে একটি সূত্র। এতে ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, গাজাকে অস্ত্রমুক্ত করা এবং অঞ্চলটির শাসনভার নতুন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনাটির বাস্তবায়ন কয়েক মাস ধরে পিছিয়ে ছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে ট্রাম্প প্রশাসন তখন পরিকল্পনাটি এগিয়ে নিতে চায়নি। তবে নির্বাচন শেষ হওয়ায় নতুন ইসরায়েলি সরকারের নেতৃত্বে যিনিই আসুন না কেন, ট্রাম্প এখন পরিকল্পনাটি বাস্তবায়নে এগোতে চান।

প্রায় এক বছর আগে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল। এর ফলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত সর্বশেষ ২০ জন জীবিত জিম্মি মুক্তি পান।

এদিকে, গাজা চুক্তির অংশ হিসেবে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড একটি বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন এবং গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তবে হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

তাঁর দাবি, হামাস গাজায় আবারও নিজেদের সংগঠিত করছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ করছে।

পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও ওই তারিখের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, সেগুলোকে নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সম্পূরক পরীক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করাই সিদ্ধান্তের উদ্দেশ্য।