সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভায় দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এ ধরনের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য মাউশির আঞ্চলিক পরিচালকদের তাঁদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ad-admin@dshe.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।

মাউশির চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন। নেতানিয়াহুর উদ্যোগে হওয়া এই ফোনালাপকে গঠনমূলক বলে বর্ণনা করেছে একটি সূত্র। এতে ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, গাজাকে অস্ত্রমুক্ত করা এবং অঞ্চলটির শাসনভার নতুন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনাটির বাস্তবায়ন কয়েক মাস ধরে পিছিয়ে ছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে ট্রাম্প প্রশাসন তখন পরিকল্পনাটি এগিয়ে নিতে চায়নি। তবে নির্বাচন শেষ হওয়ায় নতুন ইসরায়েলি সরকারের নেতৃত্বে যিনিই আসুন না কেন, ট্রাম্প এখন পরিকল্পনাটি বাস্তবায়নে এগোতে চান।

প্রায় এক বছর আগে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল। এর ফলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত সর্বশেষ ২০ জন জীবিত জিম্মি মুক্তি পান।

এদিকে, গাজা চুক্তির অংশ হিসেবে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড একটি বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন এবং গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তবে হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

তাঁর দাবি, হামাস গাজায় আবারও নিজেদের সংগঠিত করছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ করছে।

পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও ওই তারিখের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, সেগুলোকে নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সম্পূরক পরীক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করাই সিদ্ধান্তের উদ্দেশ্য।