সিলেট টেস্টে জিততে ৩৬৯ রানের রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
৩১৫ রানের লিড নিয়ে গতকালই ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ শেষ দিনের সকালে আরও ৫০ মিনিট ব্যাটিং করে ১০ ওভারে ৫৩ রান যোগ করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে তারা।
সিলেট টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে হলে বাংলাদেশকে এখন করতে হবে ৩৬৯ রান। নাজমুল হোসেন শান্তর দল সর্বোচ্চ ৮০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেতে পারে।
তিন উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ঘোষণার সময় তাদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ৩৯৮ রান।
১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজকে দিনের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন নাঈম ইসলাম। মাত্র ২ রান যোগ করে আউট হন হজ। এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন জাস্টিন গ্রিভস। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলতে গিয়ে নাঈমের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন শামার জোসেফ।
আমির জাঙ্গু ৩৯ এবং জোশুয়া বিশপ ২০ রানে অপরাজিত থাকেন।
ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পাওয়ায় এ ম্যাচে ব্যাটিং করতে পারছেন না সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে তানজিদ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নেমেছেন অধিনায়ক শান্ত।
সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। ২৬ বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ২১৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।










Disqus comments are not configured yet.