পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও ওই তারিখের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, সেগুলোকে নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, সম্পূরক পরীক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করাই সিদ্ধান্তের উদ্দেশ্য।










Disqus comments are not configured yet.