মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে  ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গত ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আনা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব কার্যক্রমে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
গাজা শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন। নেতানিয়াহুর উদ্যোগে হওয়া এই ফোনালাপকে গঠনমূলক বলে বর্ণনা করেছে একটি সূত্র। এতে ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, গাজাকে অস্ত্রমুক্ত করা এবং অঞ্চলটির শাসনভার নতুন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনাটির বাস্তবায়ন কয়েক মাস ধরে পিছিয়ে ছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে ট্রাম্প প্রশাসন তখন পরিকল্পনাটি এগিয়ে নিতে চায়নি। তবে নির্বাচন শেষ হওয়ায় নতুন ইসরায়েলি সরকারের নেতৃত্বে যিনিই আসুন না কেন, ট্রাম্প এখন পরিকল্পনাটি বাস্তবায়নে এগোতে চান।

প্রায় এক বছর আগে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল। এর ফলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত সর্বশেষ ২০ জন জীবিত জিম্মি মুক্তি পান।

এদিকে, গাজা চুক্তির অংশ হিসেবে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড একটি বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন এবং গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তবে হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

তাঁর দাবি, হামাস গাজায় আবারও নিজেদের সংগঠিত করছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ করছে।

পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
পিছিয়ে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও ওই তারিখের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, সেগুলোকে নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সম্পূরক পরীক্ষার্থীদেরও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করাই সিদ্ধান্তের উদ্দেশ্য।