রূপপুরে জরুরি প্রস্তুতি পর্যালোচনায় আইএইএর ১০ সদস্যের দল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর প্রাক্কালে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি পর্যালোচনা শুরু করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটি ১০ দিন ধরে এ পর্যালোচনা চালাবে।
রোববার (৮ নভেম্বর) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এ তথ্য নিশ্চিত করেছে।
মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছানোর পর বায়েরা কার্যালয়ে মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। উদ্বোধনের পর প্রতিনিধিদলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠক করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জরুরি প্রস্তুতি বাধ্যতামূলক। আইএইএর নির্দেশিকা অনুযায়ী রূপপুরে সর্বোচ্চ নিরাপত্তার মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানের জরুরি সাড়াদান ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। তাঁর মতে, এ মিশন প্রকল্পের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবে।
সচিব আরও জানান, প্রতিনিধিদলটি আজ সোমবার (৯ নভেম্বর) রূপপুর প্রকল্প পরিদর্শনে যাবে। এ মিশনের মাধ্যমে জরুরি প্রস্তুতির বিষয়ে আরও সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।










Disqus comments are not configured yet.