সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, প্রধানমন্ত্রীর জন্য ১৭৪ প্রশ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রথম বৈঠক বসবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে।
এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এ ছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিভিন্ন প্রস্তাবের ওপর সিদ্ধান্ত চেয়ে ২৮১টি নোটিশ জমা পড়েছে।
অধিবেশনের প্রথম বৈঠকে তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। পাশাপাশি পাঁচ থেকে ছয়টি বিল নিয়ে আলোচনা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতেই নতুন অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। তবে প্রথম দিনের অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা তাঁর প্রস্তাবকে সমর্থন জানান। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতিও বৈঠকে আলোচনায় আসে।
সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হবে। আগামী জানুয়ারিতে নতুন বছরের প্রথম অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় চতুর্থ অধিবেশনের সময়সীমা কম রাখা হয়েছে।










Disqus comments are not configured yet.