বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ শুরু

যুবসমাজকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে বিনা মূল্যে বেসিক কম্পিউটার এবং গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পরিষদ, কিশোরগঞ্জের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স দুটির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছা. মোস্তারী কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় অতিথিরা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তাঁরা প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানো এবং আধুনিক ফ্রিল্যান্সিংয়ের সুযোগ কাজে লাগিয়ে কর্মজীবন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা আক্তার, বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষক প্রদীপ চন্দ্র দাস এবং গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষক সাব্বির আহমেদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে প্রশিক্ষণার্থীদের হাতে অতিথিরা ডায়েরি ও কলম উপহার হিসেবে তুলে দেন।

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রেজাউল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের গাইটাল ফার্মের মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ‘কিসের আবার ডিসেম্বর, নভেম্বরেই জেলে ভর’, ‘ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি পিয়াস আহমেদ, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এবং জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর মধ্যে গত ৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার সময় বাসে কোনো শিক্ষার্থী বা যাত্রী ছিলেন না।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে আসছেন স্থানীয়রা।

সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম বলেন, সারা দেশের মতো কিশোরগঞ্জেও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সজাগ থাকবে বলে তাঁরা আশা করেন। পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ কিশোরগঞ্জ সদরের নেতাকর্মীরাও এ বিষয়ে সতর্ক থাকবেন।

বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ভেকুসহ আটক ৭

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ভেকুসহ আটক ৭

কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মাইজচর ইউনিয়নের বাহেরবালী এলাকায় ভেকু (খননযন্ত্র) দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাইজচর ইউনিয়নের বাহেরবালী এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয় এবং ঘটনাস্থলে থাকা সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. জাকারিয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা দেওয়ার পর আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, নদী ও আশপাশের এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জনবসতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন।

উপজেলা প্রশাসনের এ অভিযানকে এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের বরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সন্তানদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।