কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বিজয়ের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।







Disqus comments are not configured yet.