নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের গাইটাল ফার্মের মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে ‘কিসের আবার ডিসেম্বর, নভেম্বরেই জেলে ভর’, ‘ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি পিয়াস আহমেদ, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এবং জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর মধ্যে গত ৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার সময় বাসে কোনো শিক্ষার্থী বা যাত্রী ছিলেন না।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে আসছেন স্থানীয়রা।
সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম বলেন, সারা দেশের মতো কিশোরগঞ্জেও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সজাগ থাকবে বলে তাঁরা আশা করেন। পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ কিশোরগঞ্জ সদরের নেতাকর্মীরাও এ বিষয়ে সতর্ক থাকবেন।










Disqus comments are not configured yet.