ভৈরবে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক আটকা পড়েন। পরে দেড় ঘণ্টার চেষ্টায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন ও তাঁর কর্মীরা।
৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন।
উদ্ধার হওয়া পণ্যবাহী ট্রাকের চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কর্মীদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, তেলবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৮৫) ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৬৫) কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। পথে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রাকের চালককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও ট্রাক দুটি দুমড়েমুচড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাকের চালক স্টিয়ারিং ও কেবিনের মাঝখানে আটকা পড়েন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় শফিকুল ইসলামকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের আরও সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন।







Disqus comments are not configured yet.